ধ্রুব
কে যে ছিঁড়ে দেয় নভের নাড়ি থেকে উল্কাফুল,
হুতাশ ধর্ষণে ক্লান্ত ব্রহ্মাণ্ড, নতমুখ মরুৎ।
সমান্তরালের সংজ্ঞা শেখায় নির্বাক ইস্পাত লাইন,
কেন যে দুরত্ব বরাবর গন্তব্যের অধিক কঠিন।
আতসউপদ্রব মুছতে পারে হিমের বিষাদ?
শিকড় অব্যক্ত রাখে ধৃতি আর বৃন্তের অসম্পূর্ণ আলাপ।
নশ্বরতার কাল শীতঘুম মেনে আমি পেরিয়ে যেতে পারি
জৈবিকতার যাবতীয় দাবী,
শুধু নাভিমূল ভাসান বেলায়,ঢেউ ছুঁয়ে
শিখে যেও,
কোটি বর্ষ পেরোলেও ফুরোয় না,
মৃত্তিকা ও নক্ষত্রের সালতামামি।

No comments:
Post a Comment