১
"শূন্যতা ফুরোলে
শ্বেতপাথরকে জড়িয়ে থাক আগুনের সাপ, দেখো নাভি থেকে কিছু ব্যথা ফ্লেমিংগো হয়ে উড়ে যাচ্ছে শেষ সন্তের খোঁজে। আদরের মতো গেঁথে আছে কাদায় ব্রাহ্মমুহূর্তে নিভে-যাওয়া চিতার সোহাগিনী খই। যে-তিল থেকে অপেক্ষা ধুয়ে গেছে তাকে ছত্রাক ভালোবাসছে খুব, যে-বৃষ্টিতে চাঁদ ভিজছে না, তাকে বরং তুমি রক্তের ঝরোখাটুকু দাও। নিরাসক্তির বিপুল এক ঘোরে আছ জানি, নিঃস্ব হ’তে-হ’তে আমিও তো ভুলে গেছি কবে, যদি সব কিছুরই শেষ থাকে তবে শূন্যতারও আছে।"
নর্ম্যাল ই হতে পারলাম না জন্ম ইস্তক তার আবার নিউ...
২
"নিউ-নর্ম্যাল
বহুদিন লিখতে না-পেরে টাইমমেশিনে চেপে ঘুরে-আসা গেছে রজঃনিবৃত্তির দেশ। দুপুর দেখতে-দেখতে নকশায় এসেছে কীভাবে খুরপি দিয়ে পড়ন্ত শ্যাওলা থেকে উপড়ে ফেলা হবে আলগা রোদের খুঁটি। তর্জনীতে দরদ না-থাকায় গুহায় কোনো এস্রাজ এই সময়ে নদী হয়ে বাজেনি। তবুও তন্হা লাল মাটি নির্ধারিত জলে ভেসেছে বেশ্যার নিষ্ঠায়, আর পিলেটের আংটি গলিয়ে তুমিও ছিঁড়ে ফেলতে চেয়েছ চাঁদের টুঁটি। আমি এরপরেও বুঝব না, পুঞ্জাক্ষি নিয়েও কেন আজীবন কানা থেকে যায় সব, সব ক’টা মাছি?"
৩
"ইনফের্নো
কখনো রসনীতির উল্কি গাঁথতে-গাঁথতে ভেবো তো...এমনও তো হ’তে পারে মেয়াদ ফুরিয়ে নির্বাসিত হয়েছেন ঈশ্বর। জন্মের পর জন্ম...রাষ্ট্র, রেল, রুটি, রক্ত এসব ইকেবানা সাজাতে-সাজাতে হেরে-যাওয়া দলটা শুধু ধরতে পারে না, ঠিক কতটা বেলজিবাব শিরায় ঢোকালে মধুরেণ ঠেকবে সাড়ে চারশো কোটি বলিরেখা আঁকা মহাগোলকের ইনফের্নো।"
৪
"প্যালিনড্রোম
যেভাবে প্রতিটা একলা মানুষ অধিকতর একলা হ’তে চেয়ে দীর্ঘ কোনো মিছিলে হাঁটে, আমিও গুছিয়ে রাখি একান্তের উজ্জ্বল খুঁটিনাটি, ভাঙা আদর, রঙিন জোড়াতালি, নেশার ধূসর কৌতুক কিছু আর প্যালিনড্রোমীয় স্মৃতি। সন্ধ্যা নামলে সালতির কুপিগুলি স্থলের কঠিন থেকে সলতে বোধ হয়, কত যে ফল্গুর এখনো পোড়া বাকি...ভাবো তো, আবর্তন ব’লে আদৌ কিছু হয় কি? যে-কাশের দেউলে তুমি গাত্রহরিদ্রা এঁকেছিলে, গেল পূর্ণিমায় তা ময়ূর মুছে লবণ হয়ে গেছে, যে-চ্যুতি থেকে শিশু অশ্বত্থ আলোর হামা টানছিল, এখন হোম স্টে-য় পরিত্যক্ত বীর্যের চাষ করে। অথচ শূন্য আর দুই নিয়ে আজ একের যত হাড়হাভাতেগিরি। আয়নাকে হরবোলা মনে ক’রে আমি খুলে রেখেছি আঙুলের চামড়া থেকে নখরা, গ্রীবা থেকে হাঁস, পিঠ থেকে রডোডেন্ড্রন, সবই...স্মৃতি ফিরে এলে জৈন চন্দ্রাতপটিতে খুঁজো, যক্ষেরা দূত হয়, দাস হবে না ভেবে সিসিফাস যক্ষীরা বয়ে যায় জন্ম-জন্মান্তর ধ’রে ঝলসানো মাটির দায়।"

No comments:
Post a Comment