Monday, August 30, 2021

সোনালী চক্রবর্তীর কবিতা "অলীক ভাইরাস"

 

"অলীক ভাইরাস
আফিমের খেত থেকে প্রজাপতি উড়ে গেলে ডানাগুলো লাট খায়? ঘুমের ভিতর ধীর ঘূর্ণিতে পাক খেয়ে ওঠে মৃত্যুগন্ধবাহী জেগে-ওঠার ধূপ। সেনাপতির অশ্ব যুদ্ধ ঘোষণার রাতে কাঁদে কিনা কেউ খুঁজে দেখে? চোদ্দোটি মাটিকে গুছিয়ে রেখে পুরোহিত যখন ফরমান দেয় অপবিত্র কেউ যেন জোগাড়ে না-থাকে, তুমি সেদিন মৃণ্ময়ী পল্লবের ভিজে-যাওয়া দেখতে পাও? এখন দৃষ্টির পরিধি থেকে দূরত্ব মুছে দিচ্ছে অলীক ইরেজার এক, তুমি ব’লেই যাবে ভাইরাস আর আমি অট্টহাসিতে ফেটে-পড়া হাওয়ায় খুঁজে যাব ধুয়ে-যাওয়া কার্বনের ক্ষত? যে-শিশু জন্ম নিল আজ অন্ধকার স্তব্ধ এক পৃথিবীতে, তার হাসির কর্পূরে নির্জন দেবালয়গুলির শ্বাস দীর্ঘতর হ’ল। কোথাও এমন প্রস্তর পেলে আমায় জানিও যা হৃদয় প্রতিস্থাপন করতে পারে। ব্যাঙের খোলস পুড়িয়ে তুমি রূপকথা মিলিয়ে দিয়েছ অবিকল। তার কী হয় কে জানে যার ভ্রমরে এখনো কৃষ্ণ দংশনরত..."

No comments:

Post a Comment