Saturday, September 25, 2021

অনুপম মুখোপাধ্যায়-এর আর্সেনিক আলোচনা করেছেন সোনালী চক্রবর্তী


 

হত্যার কবিতা
সোনালী চক্রবর্তী
________________
উচিৎ নয়, কখনো ব্যক্তির সঙ্গে টেক্সট, ঘটনার সঙ্গে বিষয় এসবের সম্পর্ককে টেনে আনা বা অস্বীকার কোনটাই হয়তো... নির্লিপ্ত হতে হয় অন্তত সাহিত্যে, সমালোচকের চশমায় চোখ যতই আপত্তি ওঠাক, কানের উপর প্রভুত্ব তারই অধিকারে। সেই কারণেই যে উপন্যাসের আনুষ্ঠানিক প্রকাশে আমি প্রশ্ন তুলেছিলাম কেন লেখকের তরফে সম্ভাব্য পাঠককে ভয় পাইয়ে দেওয়া হচ্ছে তার পাঠ প্রতিক্রিয়ায় নিজের অবস্থানকে ১৮০ ডিগ্রি পরিবর্তন করে যুক্তি দেওয়ার ইচ্ছে জাগে। কিন্তু শেষ অবধি কী দাঁড়ায়? 'উচিৎ' বলে কোন শব্দের অস্তিত্ব কল্পনার জগতে অপ্রাসঙ্গিক, সৃষ্টির সাপেক্ষে অবৈধ।
"আর্সেনিক" পড়ে ওঠা কোন মানুষ যেমন কোনদিনই ক্ষমা করতে পারবেন না নিজেকে কেন তিনি কল্পনায় এত দুর্বল এটা ভাবতে বাধ্য হওয়ার জন্য। এই উপন্যাস এক কবির দীর্ঘ কবিতা এবং শিকার সফল তৃপ্ত পশু যেমন পূর্ণ তৃপ্তির অহং প্রকাশে কোন দ্বিধা রাখে না নায়ক অনুপমের মুখ দিয়ে লেখকও জড়তাহীন উচ্চারণ করেন- "আমি অনুপম মুখোপাধ্যায়। কোনো দেবদূতকে আমি কফি অফার করতে পারি। কোনো পরীর নিতম্বেও আমি চিমটি কেটে লাল করে দিতে পারি। কল্পনার এমনই চিরউজ্জ্বল অস্ত্র আমি শরীরে নিয়ে জন্মেছি, আমাকে হারানোর ক্ষমতা কারও নেই, কোনো ডাইনিরও না।"
আপাত অশুভ সব কটি মেটাফোর এই উপন্যাসে ব্যবহৃত হয়েছে সে সাপ থেকে বিষ, অভিশাপ থেকে অন্ধকার যে কোন কিছুই এবং হয়তো সব কিছুই কারণ যেখান থেকে আমি দেখতে পাচ্ছি গাঁথুনি গথিক হোক বা আবহ আধ্যাত্মিক, "আর্সেনিক" মূলত হত্যার কবিতা, সে হত্যা প্রতিটি পাঠকের অন্তর্গত অবদমনকে, হিপোক্রিট সামাজিক ঘুণকে, প্রথাগত গল্প নির্মাণকে এবং প্রকৃত মূল্যায়ন দিতে অক্ষম বাঙালি পাঠকের রুচি, সবকিছুকেই।
হ্যাঁ আমি প্রশ্ন ফিরিয়ে নিচ্ছি, এই উপন্যাস পড়তে গেলে ভয় পাওয়া উচিৎ কারণ যে কেউই এটি পড়ে ফেলতে পারবেন কিন্তু ধারণ করতে পারবেন না। এই বিষ হজম করে ঢেঁকুর তোলা অসম্ভব, এই লেখক নৃশংস। যদি যৌনতার খোঁজে পড়তে চান, অবশ্যই পড়বেন কিন্তু মনে রাখবেন কিছু শীৎকার মৃত্যুরও হয়, প্রেম ও সম্পর্কের দ্বন্দ্ব চিনতে চাইলেও পড়তে পারেন কিন্তু তারপর বেশ অস্বস্তিতে পড়বেন আয়নার সামনে দাঁড়ালে।
"আর্সেনিক" খুব বড় একটা আঘাত। লাতিন সাহিত্যের মত তীব্র স্বাদে অভ্যস্ত পাঠকও শূন্য হয়ে যায় যা পড়ে ওঠার পর, নগ্ন একটা হাহাকার, আর লেখক জিতে যান। পৈশাচিক একটা হাসি ভেসে আসে। অনুপম, এভাবেও কি প্রতিশোধ নিতে আছে?
____________________________
____________________________

No comments:

Post a Comment