Monday, November 8, 2021

ব্রতকথা

যেদিন জন্মেছিলাম

আকাশ ভাঙা প্লাবনের মতো

আমার দাদুর বাড়ির উঠোন জুড়েও

রূপ আর সৌভাগ্যের বান ডেকেছিল ।

পরে এসব উপকথা

শুনেছি...

যার রূপকথা শোনাতে

অধুনা অলীক সেই গোষ্ঠীরই কাছে

 

পরবর্তী ইতিহাস শুধুই পাঁচালি...


আজ...

 

প্রাসাদ নগরীর পশটাওয়ারের পুলে শুয়ে

প্রতি মাঝরাতে

জলে মদ আর মদে জলের মিশ্রণ অবান্তর হয়ে গেলে

নোনতা জলটাই বেশ মিষ্টি লাগে জিভে...

ওই নীচে, পিঁপড়ের মতো, ধুলোর উপর, মাঘের শীতে ঘুমোনি

অরক্ষিত

বাচ্চাটার মুখে আমি আয়না দেখি ।

আর লুব্ধক লুব্ধ চোখে তাকিয়ে বলে দেয়...

লক্ষ্মী বলে যারা ডেকে গেছে,

তারা বোঝেইনি

আমি এক ছিন্নমস্তা...

রুধির পান করতে করতে

সমৃদ্ধির দান ছড়াতে ছড়াতে

আমার আর কুমোরপাড়ার গলিটায়

পৌঁছোনোই হয়নি কোনও দিন

যেখানে অসমাপ্ত অদ্রিজা দেখে 

মহালয়ার রাতে 

সাজের নাতিকে ধমকে শিল্পী দাদু বলেন

ওরে... মায়ের মাথাটা লাগা... মাথা...

 

 

 

 

 
 

No comments:

Post a Comment